বিনা কারণে লোগাং ইউপির চেয়ারম্যান সমর বিকাশ চাকমাকে মারধর করায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জনপ্রতিনিধিরা গতকাল বৃহস্পতিবার সমাবেশ করেছেন। পানছড়ি উপজেলা জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তারা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেনসহ ঘটনায় জড়িত লোকজনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তা না হলে আগামী রোববার পানছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। জানা যায়, ১৮ সেপ্টেম্বর পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের (৩০) মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে পানছড়িতে আসার পথে বড়ইতুলি এলাকায় সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতির অফিসে পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সমপাদক মো. এমরান হোসেন দলবল নিয়ে পানছড়ির লোগাং ইউপির চেয়ারম্যান সমর বিকাশ চাকমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সামনে বিনা কারণে মারধর করেন। এর প্রতিবাদে গতকাল সকালে বঙ্গবন্ধু স্কয়ারে ইউপি চেয়ারম্যানরা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন ১ নম্বর ইউপির চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, ২ নম্বর চেংগী ইউপির চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, ৪ নম্বর ইউপির চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ৫ নম্বর উল্টাছড়ি ইউপির চেয়ারম্যান সুব্রত চাকমা, ইউপি সদস্য অপরাজিতা খীসা প্রমুখ।আক্রান্ত ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, ‘এ ব্যাপারে আমি গত বুধবার মো. এমরান হোসেনসহ সাত-আটজনকে আসামি করে মামলা করেছি। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। আমাদের দাবি আদায় না হলে আগামী রোববার পানছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হবে।’