জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাকিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সকালে বিদ্যালয়সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয় l প্রথম আলো
সাতক্ষীরার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাকিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সকালে বিদ্যালয়সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয় l প্রথম আলো

সাতক্ষীরার আশাশুনি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাকিব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন মানুষ। গতকাল বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া মানুষের দাবি, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসি।
বেলা ১১টার দিকে আশাশুনি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন জনতা ব্যাংক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে আশাশুনি উপজেলা সদরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
আশাশুনি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাকিবের বাবা আশাশুনি উপজেলা যুবলীগের আহ্বায়ক স ম সেলিম, সহপাঠী অনিম রায়, তারিক আহমেদ, আশাশুনি ডিগ্রি কলেজের অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইয়াহিয়া ইকবাল, চম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এ কে এম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।
মানববন্ধন শেষে সন্দেহভাজন হত্যাকারীদের কুশপুত্তলিকা দাহ করা হয়। খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর।