রংপুরে গোল্ডেন টাওয়ার বিপণিবিতানের উত্তরা সোনার দোকান থেকে স্বর্ণালংকার চুরির রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার জুয়েলার্স সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয়।এদিকে বিপণিবিতানের মালিক শফিকুল ইসলামকে গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের কাচারী বাজারে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন রংপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন, দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কাজী মো. জুন্নুন, রংপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সমাবেশ শেষে বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এই চুরির ঘটনায় গোল্ডেন টাওয়ারের মালিক শফিকুল ইসলামকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৩১ আগস্ট রাতে ওই দোকানের তালা ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। পুলিশ জানায়, এই চুরির ঘটনায় এর আগে গোল্ডেন টাওয়ার বিপণিবিতানের নৈশপ্রহরীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।