কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারে গতকাল বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে নিয়ামতপুর বাজার বণিক সমিতির ডাকে এ হরতাল পালিত হয়। এ সময় বাজারের দোকানপাটসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়।এর আগে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদ। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান নওশাহ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ খান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত সরকার প্রমুখ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।৪ ফেব্রুয়ারি শহরের রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয় কয়েকজন অস্ত্রধারী সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশে উপর্যুপরি গুলি করে। তাঁর শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়। দুটি গুলি চিকিৎসকেরা বের করতে সক্ষম হলেও একটি গুলি এখনো তাঁর শরীরে রয়ে গেছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।