জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার সফিপুর গ্রামে রিকশাচালক শাহেদ আলীর ওপর আ্যসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে বন্ধুসভার মানববন্ধন l প্রথম আলো
নোয়াখালী সদর উপজেলার সফিপুর গ্রামে রিকশাচালক শাহেদ আলীর ওপর আ্যসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে বন্ধুসভার মানববন্ধন l প্রথম আলো

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামে রিকশাচালক শাহেদ আলী (৬০) ও স্ত্রী জোবেদা আক্তারের (৫০) ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বন্ধুসভার বন্ধু ছাড়াও অংশগ্রহণকারীরা অ্যাসিড-সন্ত্রাসবিরোধী ব্যানার ও পোস্টার বহন করেন।
এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার সভাপতি আ ন ম জাহের উদ্দিন, উন্নয়ন সংগঠন প্রাণের কর্মকর্তা নাছরিন আক্তার, স্থানীয় দৈনিক প্রতিদিন আমার সংবাদ-এর সম্পাদক জামাল হোসেন, সাংবাদিক আকবর হোসেন, উন্নয়নকর্মী দিদারুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
১০ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে রিকশাচালক শাহেদ আলীর ঘরের মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে পরপর তিনবার ফোন আসে। প্রতিবারই ফোন ধরার পর অপর প্রান্ত থেকে কেউ কিছু না বলায় শাহেদ আলী ফোন বন্ধ করে দেন। এরপর রাত আড়াইটার দিকে ঘরের টিনের বেড়ায় বাইরে থেকে আঘাত করার শব্দ শুনে তিনি দরজা খুলে টর্চলাইট নিয়ে বের হতেই অজ্ঞাত এক দুর্বৃত্ত তাঁকে লক্ষ করে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।