ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পূর্ব আগানগর এলাকায় মমতাজ মার্কেটের দখল নিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্কুলছাত্র সোহেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মমতাজ মার্কেটের সামনে শুরু হওয়া আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে সোহেলের পরিবারের সদস্য ও পোশাকশিল্প কারখানার মালিক-শ্রমিকসহ হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে মমতাজ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক বলেন, সোহেলের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের খুঁজে পায় না। ব্যবসায়ী মো. আলী আকবর অভিযোগ করেন, মার্কেটে হামলা, লুটপাট ও কয়েকজনকে আহত করার বিষয়ে পুলিশ মামলা নেয়নি। ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সোহেলের বাবা ভ্যানচালক হাফিজ হাওলাদার অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। গত বৃহস্পতিবার মমতাজ মার্কেটের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সোহেল নিহত হয়। আহত হন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্তত ৩০ জন। ওই দিন রাতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মজিবর রহমানসহ আওয়ামী লীগের চার নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে সোহেলের বাবা মামলা করেন।