জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্রাবাসের ক্ষতিগ্রস্ত ছাত্ররা। গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে আজ শনিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষানুরাগী ও অভিভাবকদের সংগঠন ‘শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ’। ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে গত ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনা তদন্তে গঠিত কলেজ কর্তৃপক্ষের কমিটি ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে অগ্নিসংযোগকারী হিসেবে ছাত্রলীগের বহিরাগতদের দায়ী করা হয়। এই প্রতিবেদনের আলোকে অগ্নিসংযোগকারী চিহ্নিত হলেও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ছাত্ররা স্মারকলিপিতে ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ছয় দফা দাবির মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে পুলিশি হয়রানি বন্ধ, ছাত্রাবাস অবিকল পুনর্নির্মাণকাজ শুরু করার দাবি রয়েছে। এদিকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবিতে আজ শনিবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে। ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের পর পরই সিলেটের শিক্ষানুরাগী ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ এমসি কলেজ কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন দাখিলের পরদিন এ কর্মসূচি ঘোষণা করে।