কিশোরগঞ্জের নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী পারভেজ মিয়া হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত সোমবার বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষার্থীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।
এলাকার অনেকে জানান, ১২ ফেব্রুয়ারি নিকলীর নয়াহাটি গ্রামে জমির উত্তরাধিকার নিয়ে একই গ্রামের বুধু মিয়া ও মহিউদ্দিনের সংর্ঘষ হয়। বুধু মিয়ার লোকজনের লোহার রডের আঘাতে মহিউদ্দিনের শ্যালক কলেজছাত্র পারভেজ গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখান থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পারভেজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার হাতিরপুলে একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যায়। এ ব্যাপারে পারভেজের বড় বোন নার্গিস আক্তার ১২ ফেব্রুয়ারি বুধুকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা করেন।
নিকলী থানার ওসি মাহবুব আলম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।