চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মচারী আবদুল হান্নান হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরে মানববন্ধন হয়েছে। ইভ টিজিংয়ের শিকার এক ছাত্রীর মা-বাবাকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে ৭ সেপ্টেম্বর হান্নান নিহত হন। জাগো নারী বহ্নিশিখা নামের একটি সংগঠন শহরের শহীদ সেটু হলের সামনে গতকাল বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে। এতে জাগো নারী বহ্নিশিখার উপদেষ্টা নূর-ই-আখতার জোবেদা বেগম, আহ্বায়ক গৌরী চন্দ সিতু, নিহত হান্নানের সহকর্মী মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক স্কুলছাত্রীকে এক বখাটে উত্ত্যক্ত করেছিল। এর প্রতিবাদ করায় ৭ সেপ্টেম্বর ওই বখাটের কয়েকজন সহযোগী সওজ কার্যালয়ের পাশের একটি এলাকায় ওই ছাত্রীর মা-বাবার ওপর হামলা চালায়। তাঁদের রক্ষা করতে গিয়ে হান্নান নিহত হন। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী রোশনারা খাতুন সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে পৌর এলাকার ইসরাইল, সাইফুল ও আনারুলকে আসামি করা হয়। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। সদর থানার ওসি আহসানুল হক জানান, হান্নান হত্যা মামলার আসামিরা ঘরে তালা মেরে পালিয়েছে। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।