কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লাহুন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মুন্নি আক্তার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে স্থানীয় লাহুন্দ ঈদগাহ ময়দানে এ সমাবেশে কয়েক হাজার গ্রামবাসী অংশ নেয়।এতে বক্তব্য দেন স্থানীয় করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরাফ উদ্দিন লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মালেক প্রমুখ। পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে বক্তারা মুন্নি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল স্থানীয় করগাঁও বাজারে গিয়ে শেষ হয়। ১৪ জুন বিকেলে মুন্নি (৭) বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ওই রাতে বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, দুর্বৃত্তরা মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে। এ ছাড়া তার একটি চোখ তুলে নেয়।এ ঘটনায় কটিয়াদী থানায় একই গ্রামের আবদুল হামিদ (৩৬), তাঁর শাশুড়ি মনোয়ারা খাতুন (৫০) ও শ্যালিকা কুলসুম আক্তারের (৩২) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান প্রথম আলোকে জানান, আবদুল হামিদ ও মনোয়ারাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।