চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এবং তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ সঞ্চৃতিস্তম্ভের পাদদেশে এ কর্মসূচি থেকে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রতীকী অবস্থান কর্মসূচিতে জেলা সদর ও বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাজাত হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, শহীদুল হুদা, কামাল উদ্দীন, ডাবলু কুমার ঘোষ প্রমুখ।বক্তারা বলেন, আশরাফুল পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ১৩ দিন পার হলেও আসামি গ্রেপ্তার হচ্ছে না। উল্টো ওই সাংবাদিকের নামে বোমা বিস্ফোরণ ও গরু চুরির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আগামী তিন দিনের মধ্যে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে সাংবাদিকেরা আন্দোলন শুরু করবেন। ৭ ফেব্রুয়ারি সদর উপজেলার মহারাজপুরে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আশরাফুল ইসলাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।