জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল আলমকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সদরে এই বিক্ষোভ ও সমাবেশ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান ফয়জুল আলমকে গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি বাঁ চোখে আঘাত পেয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বুধবার দুপুরে উপজেলা সদরে নিজ বাড়ির সামনে বখাটেরা তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে। তাঁকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘উত্ত্যক্ত করার প্রতিবাদের জের, ইউপি চেয়ারম্যানকে বখাটের ছুরিকাঘাত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
সদর ইউনিয়নবাসীর ব্যানারে গতকাল বিকেল চারটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে সাব-রেজিস্ট্রি মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমরা হামলাকারীদের আটকের চেষ্টা করছি। চেয়ারম্যানের পরিবারের লোকজন তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’