জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে স্কুলছাত্র শাহরিয়ার হাসান ওরফে অভি (১৩) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রামের পাশের পাবনা-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। পরে মহাসড়কে মিছিলও করেন তাঁরা।

মানববন্ধন থেকে এলাকাবাসী দাবি করেন, ঘটনার পরদিন নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় তারা এখন মামলাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন একত্র হয়ে গ্রামের পাশের পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। পরে তাঁরা মানববন্ধন করেন। এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ঘটনার পর পুলিশ নামকাওয়াস্তে কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর আর পুলিশের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পুলিশ ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মিলিতভাবে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

অভির বাবা ইমরান হোসেন বলেন, পুলিশ এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অথচ তারা আশপাশেই ঘোরাফেরা করছে।

এ প্রসঙ্গে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক বলেন, মামলাটির বিষয়ে পুলিশের আন্তরিকতার অভাব নেই। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

নিহত অভি স্থানীয় আতাইকুলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত ২ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমাতে যায়। রাত ১১টা পর্যন্ত ঘরে আলো জ্বালিয়ে তাকে পড়ালেখা করতেও দেখেন পরিবারের লোকজন। এরপর সে আলো নেভায়। সকালে গ্রামের পাশের একটি মাঠে ছেলেটির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ঘটনার পর গ্রামের পাশের জালাল শেখ ও জয়নাল শেখের জনশূন্য বাড়ি ও বাড়ির উঠানে রক্তের দাগ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি সকালে অভির বাবা ইমরান হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। রাতে পুলিশ জয়নাল শেখ (৫০), জালাল শেখের স্ত্রী বানেছা খাতুন (৩০), তাঁদের প্রতিবেশী শামসুল ইসলাম (৪০) ও ঠান্টু হোসেনকে (৩০) গ্রেপ্তার করে। এ নিয়ে গতকাল ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে।