গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের গ্রামে হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ ও সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দুপুর ১২টার দিকে রংপুর শহরের শাপলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেয় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার সদস্যরা। সাঁওতালরা তির-ধনুক নিয়ে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত শহরের কাচারি বাজারে অবস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনিলাল দাস প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এখনো মূল হোতাদের গ্রেপ্তার করা হয়নি। বক্তাদের অভিযোগ, ওই লুটপাট ও অগ্নিসংযোগের মূল হোতা হলেন ওই এলাকার সাংসদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।