রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নুর ইসলামকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার মিছিল ও সমাবেশ করেছেন। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তাঁরা আজ রোববার থেকে কঠোর কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যুতের সংযোগ না দেওয়ায় গত বুধবার নগরের নুরপুর এলাকার আজাদ মিয়া, রফিকুল ইসলাম ও তাঁদের লোকজন রংপুর পিডিবির বিতরণ বিভাগ-১-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নুর ইসলামকে তাঁর কক্ষে মারধর করেন।
ঘটনার পর নুর ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় আজাদ মিয়া, রফিকুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল নগরের শাপলা চত্বর এলাকায় পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
নুর ইসলাম অভিযোগ করেন, মামলা করার পর থেকেই আসামিরা মুঠোফোনে মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করার হুমকি দিচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।