জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কাশিমাবাদ গ্রামের নবম শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তারের (১৪) লাশের পুনঃ ময়নাতদন্ত গতকাল রোববার সম্পন্ন হয়েছে। এর আগে গত শনিবার আদালতের নির্দেশে কবর থেকে জাকিয়ার লাশ তোলা হয়। লাশ ২৪ ঘণ্টা মর্গে থাকার পর তিন সদস্যের চিকিৎসক দল গতকাল রোববার দুপুরে ময়নাতদন্তের কাজ করে। জাকিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।জাকিয়ার পরিবারের দাবি, জাকিয়াকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয় মেহগনিগাছে। পরে জাকিয়ার ভাই হাসিবুল বাদী হয়ে একটি মামলা করেন।ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক অঞ্জন কুমার দাস ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করেন, মেয়েটিকে হত্যা ও ধর্ষণের কোনো আলামত পাননি। পরে ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ফরিদপুরের বিচারিক হাকিমের আদালতে পুনঃ ময়নাতদন্তের আবেদন করেন বাদী। আদালতের হাকিম আবদুল্লাহ আল মাসুদ গত বৃহস্পতিবার পুনঃ ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এলাকাবাসীর অনেকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে জাকিয়ার লাশ কবর থেকে তুলে বেলা দুইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার সুরতহাল প্রতিবেদনের সঙ্গে আগের সুরতহাল প্রতিবেদনের মিল না দেখে চিকিৎসক দল ময়নাতদন্ত না করে ফিরে যায়। ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী গতকাল ১ নম্বর বিচারিক আদালতের বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুদকে গরমিলের বিষয়টি লিখিতভাবে জানিয়ে এ ব্যাপারে তাঁর আদেশ চান। বিচারক ওই চিকিৎসক দলকে ময়নাতদন্তের আদেশ দেন। এ নির্দেশের পর গতকাল দুইটার দিকে চিকিৎসক দল ময়নাতদন্তের কাজ শুরু করে। ময়নাতদন্তে ওই মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, ওই বিভাগের সহকারী অধ্যাপক এস এম খবিরুল ইসলাম ও প্রভাষক মোজহারুল ইসলাম অংশ নেন। সহকারী অধ্যাপক এস এম খবিরুল ইসলাম বলেন, আজ সোমবার প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হবে।