রাজধানীর উপকণ্ঠ সাভারে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা গতকাল শুক্রবার দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
সকাল ১০টার দিকে সাভার বাজার সড়কের দুই পাশের সহস্রাধিক দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা। এক ঘণ্টার মানববন্ধন শেষে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক নজরুল ইসলাম ও গিয়াসউদ্দিন বলেন, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় আমিন টাওয়ারের মালিক রুহুল আমিন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রাতের আঁধারে ছয়টি দোকান গুঁড়িয়ে দিয়ে লুটপাট চালান। এ ব্যাপারে মামলা করার পরও পুলিশ ওই সন্ত্রাসীসহ রুহুল আমিনকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো তাঁদেরই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের দিয়ে।
বাজার সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান বলেন, অনতিবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আরও আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রুহুল আমিনসহ অন্যরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
গত মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা সাভার বাজার সড়কের আমিন টাওয়ারের সামনে ছয়টি দোকান গুঁড়িয়ে দিয়ে লুটপাটের পর দখলের চেষ্টা চালায়।