
লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
রংপুর: হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ পৃথক মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে।
প্রেসক্লাবের সামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করে। এ সময় সংগঠনের সদস্য সাদেক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরিফা সালোয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।
এ ছাড়া প্রগতিশীল ছাত্রজোট দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে জেলা ছাত্রফ্রণ্টের সভাপতি আহসানুল আরেফীনের সভাপতিত্বে বক্তৃতা করেন ছাত্র ইউনিয়নের আসাদুজ্জামান, ছাত্র ফেডারেশনের প্রত্যয়ী মিজান প্রমুখ।
সিলেট: অভিজিৎ রায় হত্যাকাণ্ডের নির্মম ঘটনাকে উপস্থাপন করে ‘আমিই অভিজিৎ’ শিরোনামে মৌন মিছিল করেছে সিলেটের প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিকর্মীরা।
সোমবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে সেখান থেকে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে সমবেত হয়। সেখানে মৌলবাদ ও জঙ্গিবাদরূপী কুশপুত্তলিকা পোড়ানো হয়।
মিছিলে উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা শাখা একই দাবিতে নগরে একটি মিছিল করে।
বরিশাল: হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট বরিশাল। সোমবার দুপুরে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল ছাত্রজোটের সংগঠক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কলেজ শাখা সভাপতি দীপংকর কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার সভাপতি মণীষা চক্রবর্তী, কলেজ শাখা সভাপতি রিয়াজুল হক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ
বরিশাল জেলা শাখার সদস্য সচিব অনিন্দ্য দ্বীপ প্রমুখ।