সুনামগঞ্জ পৌর শহরে হাসননগর এলাকার বিশ্বজিৎ চৌহানকে (২৯) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ শহরে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের আলফাত স্কয়ার এলাকায় বেলা ১১টায় এই মানববন্ধন হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের কাজির পয়েন্ট এলাকায় একদল সন্ত্রাসী বিশ্বজিৎ চৌহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাত ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে শনিবার প্রথম আলোতে ‘সুনামগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার সুনামগঞ্জ সদর থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তাঁর বাবা খোকা চৌহান। পুলিশ মামলার এক আসামি শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে। তিনি সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকারা বাসিন্দা।মামলার অপর আসামিরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু তানজিম ওরফে তিমু; যুবলীগের কর্মী রফিকুল ইসলাম ওরফে কালা মিয়া, মাইনুদ্দিন আহমদ ওরফে রিপন, মাহমুদুল হাসান এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহসান শিহাব।