ধর্ষণকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে গতকাল মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জোট নামের স্থানীয় একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নারী নেত্রী তাহিমনা ছাত্তার, যুগ্ম আহ্বায়ক ও মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বেসরকারি সংস্থা নারী প্রগতির সংঘের প্রকল্প সমন্বয়কারী মুক্তি মহানায়েক প্রমুখ। মানববন্ধন শেষে ইউএনওর কাছে তাঁরা স্মারকলিপি দেন। তাহমীনা ছাত্তার বলেন, মোহনগঞ্জ উপজেলায় সম্প্রতি দুটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ধর্ষক গ্রেপ্তার হয়েছে ও অপরজন এখনো গ্রেপ্তার হয়নি।
মোহনগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিত্তরঞ্জন সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর ধর্ষণ মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।