নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জলঢাকায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার জলঢাকার কৈমারী স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।
স্থানীয় শিশু ফোরাম, যুব ফোরাম, ওয়াইএসিডিবি (ইয়াং অ্যাসোসিয়েশন ফর কালচারাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ) ও স্বেচ্ছাসেবী সংস্থা ইউএসএস যৌথভাবে ওই মানববন্ধের আয়োজন করে। এতে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন কৈমারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র রায়, কৈমারীর ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান, ওয়াইএসিডিবির জলঢাকার সভাপতি কেশব চন্দ্র রায়, সমাজসেবক রশিদুল ইসলাম, ইউএসএসের প্রতিনিধি কৃতান্ত চন্দ্র রায় প্রমুখ। বক্তারা বলেন, মাদ্রাসা থেকে গত বুধবার ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে দুজনের সহায়তায় পিকআপ ভ্যানচালক (৩০) ধর্ষণ করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।