ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সৌদিপ্রবাসী মতিউর রহমানের (৪৫) মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও ওই হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন বিজয়নগরবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আগামী ১৫ দিনের মধ্যে জেলা শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে রেল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেন বক্তারা।
বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে মতিউর রহমানের নয় বছরের মেয়ে চাঁদনী আক্তার এবং মতিউরের মৃত্যুর পর প্রতিবাদ করতে গিয়ে আহত হওয়া নিহত ব্যক্তির ছোট ভাই লোকমান হোসেনও অংশ নেন।
২ আগস্ট মতিউরের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সৌদি আরবের আল জুবাইলের বাংলাদেশ কমিউনিটি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর কাছে স্মারকলিপি জমা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ জুলাই দুপুরে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে টনসিলের অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসায় মতিউরের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। টনসিলের অস্ত্রোপচার করেন ঢাকা থেকে আসা নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আসলাম হাজারী। এ সময় সারওয়ান জাহান নামে এক চিকিৎসক মতিউরকে অ্যানেসথেসিয়া দেন। ঘটনার পরপর হাসপাতালের চিকিৎসক, মালিকপক্ষের লোকজন গা ঢাকা দেন। এ বিষয়ে গত ২৯ জুলাই ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর’ ও ৩০ জুলাই ‘ব্রাহ্মণবাড়িয়া ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে মামলা’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়েছে।
এ ঘটনায় ২৯ জুলাই সকালে নিহত ব্যক্তির স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা করেন। মামলায় চিকিৎসক আসলাম হাজারী, অবেদনবিদ সারোয়ার জাহান, হাসপাতালের পরিচালক সেলিম মিয়া ও হুমায়ূন মিয়াকে আসামি করা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসক আসলাম হাজারী, সারোয়ার জাহানের মুঠোফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
হাসপাতালের পরিচালক সেলিম মিয়া ও হুমায়ূন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসপাতালের মালিকপক্ষের রতন মিয়া ও সুমন মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, অস্ত্রোপচার কক্ষে স্ট্রোক করায় রোগী মারা গেছেন। চিকিৎসায় কোনো অবহেলা ছিল না।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।