সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের নেতা নূরুল ইসলামকে হাতুড়িপেটা ও পেরেক ঢুকিয়ে নির্যাতনে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক ওই কর্মসূচিতে অংশ নেন। গতকাল সোমবার বেলা ১১টায় কলারোয়া শিক্ষক সমিতির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা বাকিবিল্লাহ শাহী, মো. আক্তারুজ্জামান, আবদুর রউফ, আমানুল্লাহ আমান, আবদুল্লাহেল আলীম, আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, ১২ মে সকাল নয়টায় গদখালী বিলের মধ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে দুর্বৃত্তরা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতন করে। পরে তাঁর কাছে থাকা ৬৮ হাজার টাকা লুট করে। বক্তারা বলেন, এ ঘটনায় নূরুল ইসলামের ভাই রেজাউল ইসলাম বাদী হয়ে নয়জনের নামে মামলা করলেও পুলিশ গত পাঁচ দিনে লাঙ্গলজাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাদে আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পরে শিক্ষক নেতারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম তরিকুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।