জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকেরা আবার আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ জমাদ্দার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় শিক্ষকেরা পুনরায় আন্দোলনে নেমেছেন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় শিক্ষকেরা আজ শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন।শিক্ষকেরা নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ায় উপজেলার ১২৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থীর দুই বিষয়ের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।আন্দোলনকারী শিক্ষকেরা জানান, উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ জমাদ্দারকে গত ২২ সেপ্টেম্বর দুর্বৃত্তরা শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ শাখার সহসভাপতি মো. কাজল হাওলাদারসহ ছয়জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা হয়।এ হত্যার বিচারের দাবিতে গঠিত সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক টি এম আলতাফ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের পরই শিক্ষকেরা ক্লাস বর্জনসহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন শুরু করেন। পরে স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ঘটনার ২০ দিন পরও পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং কাউকে গ্রেপ্তার করতে না পারায় সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের শিক্ষকেরা গত বৃহস্পতিবার থেকে পুনরায় আন্দোলনে নেমেছেন। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ফরিদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।