পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা খাতুনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি ভ্যানচালক রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে আরিফা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মহিলা পরিষদের জেলা শাখার পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন করার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ গতকাল সোমবার সকালে রবিউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন, শিক্ষিকা আরিফার হত্যাকারীকে স্কুলের সামনে থেকে তিনি ভ্যানে করে উপজেলার ধুলাউড়ি বাজারে নিয়ে গেছেন। রবিউলের কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এই মুঠোফোন থেকে হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে আরিফার সঙ্গে কথা বলার বিষয়টি কলের তালিকা যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। এসআই জাহিদ হোসেন বলেন, ঘাতকের সঙ্গে রবিউলের সম্পর্ক থাকার প্রমাণ মিলেছে। তবে তদন্তের স্বার্থে তা জানানো যাচ্ছে না। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে আরিফার লাশ গত রোববার রাতে তাঁর ভাই আনিসুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জের পোটল ছোনগাছা গ্রামে পৈত্রিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।এদিকে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশ নেয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলতাব হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা আরিফা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সমাবেশ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১, ৩ ও ৫ মার্চ সাঁথিয়ার সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণ, প্রতিটি বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং ছাত্র-শিক্ষকদের সম প্রতিটি বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর স্মারকলিপি পেশ। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এক দুর্বৃত্ত শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকা আরিফাকে (২৮) কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আরিফার মৃত্যু হয়। এ ঘটনায় আতাইকুলা থানায় ভ্যানচালক রবিউলসহ দুজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। রোববার রাতেই রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ।