দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীদের হাতে শিক্ষক প্রহূত
জড়িতদের চাকরিচ্যুত করার দাবি শিক্ষকসমাজের
শিক্ষক লাঞ্ছনাকারী দিনাজপুর শিক্ষা বোর্ডের চার কর্মচারীকে আজ মঙ্গবার দুপুর একটার মধ্যে চাকরিচ্যুত করা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি, শিক্ষা বোর্ড ঘেরাওসহ আন্দলোনের ঘোষণা দিয়েছে দিনাজপুরের শিক্ষকসমাজ। চার দফা বাস্তবায়ন ছাড়াও সংশ্লিষ্ট চারজন কর্মচারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পাঁচ শতাধিক শিক্ষক গতকাল সোমবার দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, দিনাজপুরের কাহারোল উপজেলার পশ্চিম মল্লিকপুর এসসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় স্কুলের এডহক কমিটি অনুমোদনের জন্য গত ১৯ জানুয়ারি দিনাজপুর বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মচারী তাঁর কাছ থেকে এক হাজার ৫০০ টাকা নেন। কিন্তু কাজ না করে এক মাস ধরে তিনি নানা টালবাহানা করছেন। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বোর্ডে এসে বিষয়টি তিনি বিদ্যালয় উপপরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্যকে অবহিত করলে বোর্ডের কর্মচারীরা ক্ষিপ্ত হন। তিনি বিদ্যালয় পরিদর্শকের কক্ষ থেকে বের হয়ে এলে হুমায়ুন কবীর পলাশ, আলমগীর আহমেদ, মন্টু রাম রায় ও রাজু আহমেদ—এই চার কর্মচারী তাঁকে লাঞ্ছিত করে বোর্ড কার্যালয় থেকে বের করে দেন। ভবিষ্যতে কখনো বোর্ডে এলে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা স্মারকলিপিতে উল্লেখ রয়েছে।স্মারকলিপিতে সংশ্লিষ্ট চার কর্মচারীকে ৪৮ ঘণটার মধ্যে অপসারণ ও চাকরিচ্যুত করা, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সব ধরনের দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষা বোর্ডে আগত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং বোর্ডের কোনো কাজের ক্ষেত্রে অযৌক্তিক বিলম্ব করা যাবে না।এ সময় বোর্ডের চেয়ারম্যান শিক্ষকদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।যথা সময়ে দাবি বাস্তবায়ন করা না হলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ, দিনাজপুর শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচিসহ জেলার সব শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকির কথা স্মারকলিপিতে উল্লেখ করেন শিক্ষকেরা।এ ব্যাপারে বোর্ডের কর্মচারী হুমায়ুন কবির ও আলমগীর আহমেদ গত রোববার বলেন, কাহারোল উপজেলার শিক্ষক পরিমল কুমার রায়ের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়েছে, কিন্তু তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয়।