২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে গতকাল শনিবার সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন মানববন্ধন, শোক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা জঘন্য ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মহানগর ও জেলা আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্যানেল মেয়র আজমল আহমেদ, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, শহিদুল হক প্রমুখ।কুষ্টিয়া: বেলা ১১টায় কুষ্টিয়ার থানাপাড়ায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগার আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতন প্রমুখ। সভায় বক্তারা গ্রেনেড হামলায় নিহত কুষ্টিয়ার মাহবুব রশিদের আত্মার শান্তি কামনা করেন।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার।চাঁপাইনবাবগঞ্জ: সকালে জেলা শ্রমিক লীগ মানববন্ধন করেছে। শহীদ সাটু হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ সেক্টর কামান্ডার্স ফোরামের আহ্বায়ক আবদুস সামাদ, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজালাল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, সদর থানা ছাত্রলীগের সভাপতি দানেশ আলী।চাঁদপুর: গ্রেনেড হামলায় নিহত আবদুল কুদ্দুছ স্মরণে সকালে হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শোক শোভাযাত্রা ও শোকসভার আয়োজন করে। সভায় হাইমচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, হাইমচর আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদ্দার, সহসভাপতি নুরুল আমীন সরকার, হুমায়ুন কবির পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।