জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনায় হাত ও পা বেঁধে এক নারীকে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ মাইনরটি ওয়াচ ও গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স নামের একটি মানবাধিকার সংগঠনের নেতারা। সম্পত্তি দখলে বাধা দেওয়ায় প্রভাবশালী আবুল হোসেন প্যাদা দলবল নিয়ে ওই নারীর ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের নেতারা এলাকার লোকজনের ও নির্যাতনের শিকার নারীর সঙ্গে হাসপাতালে কথা বলেন। সংগঠনের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, ওই বৃদ্ধা যে নির্যাতনের শিকার হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
৮ মে দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামের ওই হিন্দু নারীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে ১১ মে দশমিনা থানায় আবুল হোসেন প্যাদাসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। দশমিনায় চিকিৎসাসেবা নিতে না পেরে ওই নারী গোপনে পালিয়ে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হন।
মামলার ১৪ জন আসামির মধ্যে প্রধান আসামি আবুল হোসেন প্যাদা ও ১৪ নম্বর মো. ফজলু মৃধা ছাড়া অপর ১২ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। আর আবুল হোসেন প্যাদার স্ত্রী লাকি বেগম একটি চাঁদাবাজির মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নির্যাতিত নারীর ছেলেসহ ১০ জনকে।