
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাদিজা মণি ওরফে মিতুকে অপহরণ ও হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুল ও কসবা রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচি পালন করেন।
গতকাল দুপুরে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী প্রমুখ। বক্তারা মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও শিশুটির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ। একই সময় শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত খাদিজা মণি কসবা উপজেলার বাড়াই গ্রামের আল-আমিন মিয়ার মেয়ে। সে স্থানীয় কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। আল-আমিন সৌদি আরবে থাকেন। খাদিজা তার মা রুনা আক্তারের সঙ্গে পৌর শহরের শীতলপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকত। শনিবার সকালে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে এলাকার একটি মহিলা মাদ্রাসার মক্তবে পড়তে বের হয়। এর কিছুক্ষণ পর খাদিজার মা রুনা আক্তারের মুঠোফোনে কল দিয়ে তাঁর মেয়েকে অপহরণের কথা জানানো হয়। সে সময় দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শনিবার রাতেই মাসুক মিয়া ও খাইরুল মিয়া নামের দুজনকে আসামি করে মামলা করেন রুনা। এরপর উপজেলার লতুয়ামুড়া গ্রামের মাসুক মিয়া, আশিক মিয়া ও খাইরুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালত গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখায় (ডিবি) নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মাসুক মিয়া বলেন, শিশুটি কসবার একটি পাঁচতলা ভবনে রয়েছে। পরে কসবা পৌর ভবনসংলগ্ন ইমামপাড়ার একটি ভবনের পাঁচতলা থেকে শিশুটির গলা কাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার এসআই মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাসুক মিয়া নিহত খাদিজার বাবা আল-আমিনের ফুফাতো ভাই। মাসুক জবানবন্দিতে বলেছেন, গত ১৩ ফেব্রুয়ারি এক বান্ধবীকে নিয়ে আল-আমিনের বাসায় যান তিনি। এরপর সেখানে ঘণ্টা খানেক থাকেন তিনি। বিষয়টি খাদিজার মা রুনা তাঁর স্বামী আল-আমিনকে মুঠোফোনে জানান। তাঁর (মাসুক) বড় তিন ভাইও আল-আমিনের সঙ্গে সৌদি আরবে থাকেন। বিষয়টি তাঁদের অবহিত করেন আল-আমিন। এর সপ্তাহ খানেক পর আবারও বান্ধবীকে নিয়ে তিনি (মাসুক) ওই বাসায় আসেন। তখন রুনা তাঁদের (মাসুক ও তাঁর বান্ধবী) বাসা থেকে বের করে দেন। বিষয়টি জানাজানি হলে পরিবার থেকে তাঁকে (মাসুক) তিরস্কার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি খাদিজাকে খুন করার চক্রান্ত করেন। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার মাসুক পুলিশের কাছে খুনের ঘটনার বিবরণ দিয়েছেন। তাঁর তথ্য অনুযায়ী, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার প্রথম আলোয় ‘কসবায় শিশুকে অপহরণ, মামলা’ ও মঙ্গলবার ‘কসবায় অপহরণের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।