রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের হারুন শেখ (৩০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল শনিবার এসব কর্মসূচি পালন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল বেলা দুইটার দিকে ওই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন নিহত ব্যক্তির মা শেফালি বেগম, মেয়ে চতুর্থ শ্রেণিপড়ুয়া সিমলা আক্তার, চাচাতো ভাই তৌহিদুল জামান, মামা ফিরোজ বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী মিয়া প্রমুখ। মানববন্ধনের আগে নিহত ব্যক্তির বাড়ি বাওনারা বাজার এলাকায় স্থানীয় ব্যক্তিরা সমবেত হয়। এরপর তারা বালিয়াকান্দি ও রাজবাড়ী শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে।
শেফালি বেগম বলেন, কাশেম ও শিল্পী আমার ছেলেকে নির্মমভাবে খুন করেছেন। তারা আমার ছোট নাতনিকে পিতাহারা করেছে। আমি সবার কাছে খুনিদের ফাঁসি চাই। তৌহিদুল জামান বলেন, কাশেম অনেক টাকার মালিক। পুলিশের সঙ্গে অনৈতিক টাকার লেনদেনের মাধ্যমে তিনি পালিয়ে গেছেন।
অনৈতিক লেনদেনের কথা অস্বীকার করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বাড়ি থেকে হারুনকে কাশেম মুঠোফোনে ডেকে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ১৩ অক্টোবর নিহত ব্যক্তির মা আবুল কাশেমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর ২৩ অক্টোবর নিখোঁজের ৫২ দিন পর স্থানীয় বিলের মধ্যে থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ নিয়ে ২৪ অক্টোবর প্রথম আলোয় ‘রাজবাড়ীতে নিখোঁজের ৫২ দিন পর লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।