জড়িতদের বিচার ও ইউএনওর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু পরিবারের বাড়ি দখলে সহযোগিতা করার অভিযোগ এনে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই কর্মসূচি পালন করে।
২০ জানুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এক অসহায় হিন্দু পরিবারের বসতভিটা দখল করে নেয় একই এলাকার প্রভাবশালী একটি মহল। আর এতে ইউএনও মাহবুবা আক্তার সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। দখলে বাধা দেওয়ায় জমির মালিক মৃত নিমাই চন্দ্র মিস্ত্রির স্ত্রী অমিয় বালাকে (৬৫) বেধড়ক পেটায় দখলকারীরা। এ নিয়ে ২২ জানুয়ারি ‘সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল মানববন্ধনে বক্তব্য দেন রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র শেখর হালদার, যুবলীগের নেতা মজিবর রহমান মৃধা প্রমুখ।
অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, ‘অমিয় বালার দখলে থাকা সম্পত্তি আসলে সরকারি সম্পত্তি হিসেবে কবির হোসেনকে লিজ দেওয়া হয়েছে। লিজ গ্রহীতা জমিটি দখলে নিয়েছিল। এতে আমার কোনো ইন্ধন ছিল না।’
অমিয় বালার ছেলে অনিমেষ মিস্ত্রি বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তি সরকার ভুলক্রমে ভিপি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।’
বরিশালের বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন বলেন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি যাচাই করার জন্য ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।