নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে মুক্তিযোদ্ধা কোটাসহ সাধারণ কোটায় লোক নিয়োগে দুর্নীতি ও অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা হয়েছে। এ দাবিতে গতকাল রোববার জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরে মানববন্ধন করে।গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে বড়বাজার পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় চৌরঙ্গী, বাটা, কালীবাড়ি মোড় ও বড়বাজারে একযোগে সমাবেশ হয়।সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক জেলা কমান্ডার আবদুল জলিল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলাম, ডেপুটি কমান্ডার অমরেন্দ্র ঘোষ, শাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন চলাকালে জয়নাল আবেদীন আগামী ৫ নভেম্বর স্থানীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেন।মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সমবেত হন।সমাবেশে জয়নাল আবেদীন অভিযোগ করেন, সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে লোক নিয়োগে চার কোটি টাকার বাণিজ্য করেছেন। সিভিল সার্জনকে গরিব মানুষের ওই টাকা ফেরত দিতে হবে। তাঁর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সিভিল সার্জনসহ ওই ঘুষ-বাণিজ্যের হোতাদের বিচার করতে হবে। সিভিল সার্জন আবদুর রশীদ আকন্দ বলেন, ‘আমি ছুটিতে আছি। আগামী ২৫ অক্টোবর যোগদান করব। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কেউ আন্দোলন করলে করুক। তাঁদের অভিযোগ থাকলে দুদকের কাছে লিখিতভাবে করুক।’জানা গেছে, গত ২১ মে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপা হয়। এগুলোর মধ্যে এমএলএসএস, নিরাপত্তা প্রহরী, আয়া, ওয়ার্ড বয়, সুইপারসহ কয়েকটি পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং সাধারণ কোটায়ও অনেককে চাকরি দেওয়ার অভিযোগ তুলে ১১ সেপ্টেম্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সিভিল সার্জনের অপসারণ ও তাঁর গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়।