দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর জামায়াত-শিবিরের হামলা, নির্যাতন ও বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার বিভাগীয় তদন্তসহ হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে এ দাবি জানানো হয়। প্রগতিশীল রাজনৈতিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে সমাবেশে উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি আরশ আলী, জেলা সভাপতি এ কে শেরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর আহ্বায়ক প্রণবজ্যোতি পাল, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ বক্তব্য দেন।
সুনামগঞ্জ: শহরের আলফাত স্কয়ারে বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্পীগোষ্ঠী। দুই সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায় প্রমুখ।
কমলগঞ্জ (মৌলভীবাজার): হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ শাখার উদ্যোগে বেলা তিনটায় পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনায় মানববন্ধন করা হয়। এতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি, সৎ সংঘ বাংলাদেশ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কমলগঞ্জ শাখা, লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, আদিবাসী খাসিয়া, মণিপুরি সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা হাতে কালো পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
নেত্রকোনা: জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে দুপুরে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি সাতপাই দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক সঙ্গীতা সরকার, সাংগঠনিক সম্পাদক নিহার সরকার, হুমায়ুন কবির প্রমুখ। বিকেলে নেত্রকোনা শহরে মিছিল করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদ মিনার মোড় ও তেরিবাজার মোড়ে পৃথক দুটি পথ সমাবেশ হয়।
মৌলভীবাজার: উদীচী শিল্পীগোষ্ঠী ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ ব্রিগেড জেলা শাখা বিকেলে শহরের চৌমোহনা চত্বরে সমাবেশ করে। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। সংগঠনের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফনীন্দ্র কুমার ভট্টাচার্য, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ব্রিগেডের হীরন্ময় দেব, গণজাগরণ মঞ্চের রায়হান আনসারী প্রমুখ।