মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অলিউল্লাহ হত্যার ঘটনায় খুনিদের বিচারের দাবিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় আধঘণ্টা পর শ্রীনগর থানার পুলিশ ও হাসাড়া হাইওয়ে থানার পুলিশ সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি রাতে মাজেদা বেগম (৩২) তাঁর স্বামী অলিউল্লাহকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন সকালে মাজেদা ঘরে স্বামীর লাশ রেখে শ্রীনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান ওই দিন দুপুরে উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন রাতেই অলিউল্লাহর বাবা ইদ্রিস মোল্লা (৯৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ঘটনায় অলিউল্লাহর বড় ভাই আহসান উল্লাহ মাজেদা বেগম, তাঁর বাবা নুরু খলিফা, দুই ভাই হাবিব ও মাসুমকে আসামি করে মামলা করেন।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, মাজেদাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।