পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া মঠবাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে। ইউপি নির্বাচনে সমর্থন না করায় আলমগীর হোসেন নামের এক পরাজিত চেয়ারম্যান প্রার্থী শুক্রবার সকালে এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় লোকজন প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষক আবদুর রহমান জানান, গত ২৯ মার্চ বাউফলের ধুলিয়া ইউপি নির্বাচনে সমর্থন না করায় তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তাঁকে বাড়িতেও পাওয়া যায়নি।