গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল এলাকায় সাঁওতালদের উচ্ছেদের নামে লুটপাট, অগ্নিসংযোগ, গুলি ও হত্যা কেন আইনগতভাবে কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, আইনসচিব, ভূমিসচিব, স্থানীয় সাংসদসহ ১২ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ৬ নভেম্বর ঘটে যাওয়া ওই ঘটনা নিয়ে এ পর্যন্ত পৃথক তিনটি রিট হয়েছে, প্রাথমিক শুনানির পর আদেশ হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ নভেম্বর ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত সোমবার দ্বিজেন টুডুর স্ত্রী অলিভিয়া হেমব্রম ও ক্ষতিগ্রস্ত গণেশ মুর্মুর স্ত্রী রুমালিয়া কিছকু রিট আবেদনটি করেন। এর ওপর গতকাল প্রাথমিক শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
পরে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রুল দিয়েছেন। এর আগে একই বেঞ্চ অপর একটি রিটে রুলসহ আদেশ দেন। দুটি আবেদনের ওপর একসঙ্গে শুনানি হবে বলেছেন আদালত।
তিনটি সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ নভেম্বর একই বেঞ্চ সাহেবগঞ্জে অধিগ্রহণ করা জায়গায় সাঁওতালদের চাষ করা ধান কাটতে তাদের অনুমতি দিতে নতুবা চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে ধান কেটে সাঁওতালদের কাছে তুলে দিতে নির্দেশসহ কয়েকটি নির্দেশনাসহ রুল দিয়েছিলেন।