প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় জড়িত সদস্যদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। এমনকি ঘটনা অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও ইডেন কলেজ শাখার সঙ্গে যোগাযোগও করেনি কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার মিছিলের প্রথম সারিতে থাকা নিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নারীকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ভণ্ডুল হয়ে যায়। হাতাহাতির ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব প্রথম আলোকে বলেন, ‘কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’ এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ‘জড়িত কর্মীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’