জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কর্তিত গাছ স্থানান্তরের অনুমতি!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগানে অবৈধভাবে গাছ কর্তনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়েই বন বিভাগ কর্তৃপক্ষ কর্তিত গাছ স্থানান্তরের অনুমতি প্রদান করেছে। এ ছাড়া ‘ইজারাভুক্ত’ জমিকে ‘মালিকানাধীন’ উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।সূত্র জানায়, গাছ কর্তনের ‘অনুমতিপত্রে’ উল্লিখিত ৫৪ একরের মধ্যে মাত্র পাঁচ একর আতিয়াবাগ চা-বাগান কর্তৃপক্ষের ‘মালিকানাধীন’ বলে তদন্তে দেখা গেছে। বাকি জায়গা পার্শ্ববর্তী সোনারুপা চা-বাগানের নামে ইজারা দেওয়া। আর অতিয়াবাগের ‘মালিকানাধীন’ পাঁচ একরের মধ্যে কোনো গাছপালা নেই।সিলেটের সদ্য বদলি হওয়া ডিএফও ও বর্তমানে সিলেট বন বিদ্যালয়ের পরিচালক মো. দেলোয়ার হোসেন দাবি করেন, বিধি অনুযায়ী গাছ স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে।সিলেটের বর্তমান ডিএফও আবুল বাশার মিয়া জানান, আতিয়াবাগ চা-বাগানের কর্তিত গাছ স্থানান্তরের কার্যক্রম বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য যোগদানকারী জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এ হারুন জানান, গাছ কর্তনে অনিয়মের অভিযোগে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে এখনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান জানান, জুড়ীর ইউএনওর পাঠানো প্রতিবেদন তিনি পেয়েছেন। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।