জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচনী সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
২০০১ সালের ১ অক্টোবর থেকে ২০০২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের সহিংসতা তদন্তে ২০০৯ সালে অবসরপ্রাপ্ত জেলা জজ মো. সাহাবুদ্দিনকে প্রধান করে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশন ২০১১ সালের ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১ এপ্রিল তা গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে গতকাল আদালতে ওই তদন্ত প্রতিবেদনের গেজেট জমা দেওয়া হয়। পরে আদালত ওই সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ অন্য বিবাদীদের ওই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ১১ মের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানাতে হবে। ওই দিন এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা হতে থাকে। সাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন অনুসারে, নির্বাচনী সহিংসতার সময়ে ঢাকা বিভাগে ২৭৬টি, চট্টগ্রামে ৪৯৭টি, সিলেটে ১৭টি, খুলনায় ৪৭৮টি, রাজশাহীতে ১৭০টি এবং বরিশালে দুই হাজার ২২৭টি সহিংস ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৯২টি হত্যাকাণ্ড, ১৮৪টি ধর্ষণ, গণধর্ষণ, অগ্নিসংযোগসহ অন্যান্য গুরুতর অপরাধ সংঘটিত হয়। মামলা হয় ৫২টিতে, যার ৪৫টিতে বিচারের জন্য অভিযোগপত্র (চার্জশিট) এবং সাতটির ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। চট্টগ্রামে ৯৭টি হত্যাকাণ্ড ঘটে, অন্য গুরুতর অপরাধ ঘটে ৩৫০টি। মামলা হয় ৪৯টি, এর মধ্যে ৪১টিতে অভিযোগপত্র এবং বাকিগুলোতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। রাজশাহীতে ৫৩টি হত্যাকাণ্ড ও ১১৭টি গুরুতর অপরাধ ঘটে। মামলা হয় ৩৭টিতে। এর মধ্যে ৩৩টিতে অভিযোগপত্র ও বাকিগুলোতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। খুলনায় ৭৩টি হত্যাকাণ্ড ও ৪০৫টি গুরুতর অপরাধ ঘটে, মামলা হয় ৪৪টিতে। এর ৪০টিতে অভিযোগপত্র হয়, চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। বরিশালে ৩৮টি হত্যা ও দুই হাজার ১৮৯টি গুরুতর অপরাধ সংঘটিত হয়। মামলা হয় ৩৯টিতে, ৩৫টিতে অভিযোগপত্র ও চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। সিলেটে দুটি হত্যা ও ১৫টি গুরুতর অপরাধ ঘটলেও কোনো মামলা হয়নি। সারা দেশে মোট মামলা হয় ২২১টি, ১৯৪টিতে অভিযোগপত্র ও ২৭টিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।