যশোরের কেশবপুর উপজেলায় এসএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দেড় মাস পরও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এ ঘটনার দুটি তদন্ত প্রতিবেদন গত ১ ডিসেম্বর ও ২০ নভেম্বর ইউএনওর কাছে জমা হয়েছে।কেশবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির তৈরি করা এসএসসির নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র গত ২৪ অক্টোবর ফাঁস হয়। কেশবপুর পাইলট স্কুলের ছাত্রছাত্রীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করে।মাধ্যমিক শিক্ষক সমিতি ওই পরীক্ষা বাতিল এবং এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অন্যদিকে ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদকে দিয়ে আরেকটি তদন্ত করান। শিক্ষা কর্মকর্তা গত ২০ নভেম্বর ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার পুরঞ্জয় সাধুর ছেলে দুলাল সাধু প্রশ্নপত্র বিক্রি করেছেন। এ ছাড়া পাথরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আজহারুল ইসলাম এবং কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আবদুল হালিমের ছেলে হাদিউজ্জামান প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে ঘটনার মূল হোতাদের খুঁজে বের করা যাবে বলে এতে মন্তব্য করা হয়।শিক্ষক সমিতি গঠিত তদন্ত কমিটির প্রধান মমতাজ উদ্দিন বলেন, তাঁরা ১ ডিসেম্বর ইউএনওর কাছে প্রতিবেদন দিয়েছেন। এতে বলা হয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার পুরঞ্জয় সাধুর ছেলে দুলাল সাধু প্রশ্নপত্র বিক্রি করেছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আমার তদন্তে যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আসল রহস্য বেরিয়ে আসবে।’