জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অনিয়মে জড়িত সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ১৮টি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৮টি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ২০০৩-২০০৪ অর্থবছরে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্প প্রস্তাবে অনুমোদিত দর অপেক্ষা অতিরিক্ত এক কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকা ঠিকাদারদের পরিশোধ করেছে। কমিটি অডিট আপত্তি পর্যালোচনা করে এই অবৈধ ব্যয়ের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। অডিট আপত্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩২ কোটি ৮১ লাখ ২৯ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। সংসদীয় কমিটি বাস্তবায়িত এসব প্রকল্পের সত্যতা যাচাই করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য আলী আশরাফ, ইমাজ উদ্দিন প্রামাণিক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ অংশ নেন।