তনু হত্যাকাণ্ড : নয় জেলায় কর্মসূচি, ঢাকায় ছাত্র ইউনিয়নের পদযাত্রায় বাধা
জড়িতদের শনাক্ত ও বিচারের দাবি

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে গতকাল বৃহস্পতিবারও মুখর ছিলেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কমপক্ষে নয় জেলার ১৩টি স্থানে মানববন্ধন, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন করা হয়।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা বের করে ছাত্র ইউনিয়ন। তবে শাহবাগেই পুলিশ তাদের আটকে দেয়। এ সময় ধস্তাধস্তিতে চারজন আহত হন।
ছাত্র ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত দীপক শীল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কবি নজরুল কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি। নাছিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী।
ছাত্র ইউনিয়ন গত সোমবার তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করে। হাকিম চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশ দিয়ে রাজপথে প্রবেশ করে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি হয়। পরে সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দী।
সমাবেশ থেকে নারী নির্যাতন, খুন-ধর্ষণ বন্ধের দাবিতে ২ এপিল বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা ব্রিগেড সেলের উদ্যোগে লাঠি মিছিলের কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট এবং ৪ এপ্রিল সব স্কুল-কলেজে ধর্মঘটে সমর্থন দিয়েছে ছাত্র ইউনিয়ন।
তনু হত্যার বিচার, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ চার দফা দাবিতে আজ ১ এপ্রিল শুক্রবার সারা দেশে নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয়ভাবে বেলা তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে এই কর্মসূচি পালিত হবে। গতকাল বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বরিশাল: ব্রজমোহন কলেজে সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মশাল মিছিল হয়। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে কলেজ প্রাঙ্গণে তনু ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রমৈত্রী ও সংস্কৃতি পরিষদ। ১১টায় সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে মানববন্ধন করে। অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দল।
দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বুধবার রাতে ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশে ‘অর্ক সাংস্কৃতিক জোটের’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পরে তনুর স্মরণে মোমবাতি প্রজ্বালন ও মৌন মিছিল করা হয়।
খুলনা: তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন করা হয়।
এ ছাড়া মানববন্ধন ও সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কুমিল্লার দাউদকান্দি, নড়াইলের লোহাগড়া, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায়।
(প্রতিবেদন তৈরিতে প্রথম আলোর আঞ্চলিক প্রতিনিধিরা তথ্য দিয়ে সহায়তা করেছেন)