জায়গা-জমিসহ বিভিন্ন সম্পত্তি দখলের জন্যই রাজধানীর তোপখানা রোডে বাসায় ঢুকে মাকে বেঁধে মেয়েকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কারা জড়িত, পুলিশ তা শনাক্ত করতে পারেনি।জানতে চাইলে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা জায়গা-জমির দলিল নিয়ে যাওয়ায় এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে সম্পত্তি দখলের জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আটক সাইফুল ইসলাম ও তাঁর ভাই সেলিম তালুকদারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় এখনো তাঁদের গ্রেপ্তার দেখানো হয়নি।শাহবাগ থানার পুলিশ জানায়, ওই বাসায় নিরাপত্তার জন্য দুজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।গত মঙ্গলবার রাতে তোপখানা রোডের তিনতলার বাসায় ঢুকে তিন যুবক মা খালেদা বানুকে বেঁধে শ্বাসরোধে হত্যা করে মেয়ে নিশাত বানুকে। প্রায় দুই দিন পর বৃহস্পতিবার নিশাতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। খালেদা বানু অভিযোগ করেন, ২০ বছর আগে তাঁর বাসার পাশে নিজের জায়গায় মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে খাবার হোটেল করতে দিয়েছিলেন তিনি। এটি মনির হোটেল নামে পরিচিত। কিন্তু মনির জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে মামলাও হয়। পরে মনিরুজ্জামান মারা গেলে তাঁর দুই ছেলে সাইফুল ও সেলিম জায়গা দখলে রাখেন। সাইফুল ও সেলিম সবকিছু দখল করতে এ কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ করে খালেদা বানু থানায় হত্যা মামলা করেছেন।গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে দেখা যায়, যে কক্ষের মেঝেতে নিশাতকে হত্যা করা হয়েছে, সেখানে চাদর বিছিয়ে শুয়ে আছেন খালেদা বানু। হাতে-মুখে ক্ষতচিহ্ন। দেখতে আসা স্বজনদের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি। খানিক পর পর চোখ মুছছিলেন।সাংবাদিক পরিচয় দিলে খালেদা প্রথমে কথা বলতে চাননি। পরে অনুরোধ করলে তিনি বলেন, ‘কয়েকটা পত্রিকায় লিখছে, আমার সঙ্গে নাকি ভাইবোন, আত্মীয়স্বজনের ঝামেলা আছে। এটা মিথ্যা। সব কাণ্ড ওরাই (সাইফুল ও সেলিম) করছে। আমার ভাইবোন, আত্মীয়স্বজন আমার চেয়েও ধনী। আমার সম্পত্তির ওপর তাঁদের কোনো লোভ নেই।’খালেদা বলেন, ওই দিন যে তিন যুবক বাসায় ঢুকেছিল, তাদের সবার পরনে ছিল জিন্স। গায়ে কিছু ছিল না। হাতে ছিল ছুরি, বঁটি ও কাঁচি। বাসায় ঢুকেই টেলিভিশনের শব্দ বাড়িয়ে দেয়। তারা নোয়াখালীর ভাষায় কথা বলছিল। তিনি অভিযোগ করেন, ১৯৯২ সালের দিকে মনিরুজ্জামান বিষ খাইয়ে তাঁর ছোট মেয়ে জেবা সানজিদাকে (বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী) হত্যা করতে চেয়েছিল।