চট্টগ্রামে সম্প্রতি পুলিশের ওপর জামায়াত-শিবিরের কয়েক দফা হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ভিডিওচিত্র দেখানো হচ্ছে। এসব হামলায় জড়িত শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় জানাতে ও তাদের ধরিয়ে দিতে পুলিশ ছাত্রদের সহযোগিতা চেয়েছে।গতকাল বুধবার থেকে চট্টগ্রাম নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বড় পর্দায় ভিডিওচিত্র দেখানো শুরু করেছে মহানগর পুলিশ। পুলিশের ধারণা, এসব ভিডিও দেখার পর শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করবে।সূত্র জানায়, গতকাল নগরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় ভিডিওচিত্র দেখানো হয়। এগুলো হচ্ছে, আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। আগামী এক সপ্তাহের মধ্যে নগরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ভিডিও দেখানো হবে।চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ভিডিও ফুটেজ দেখে শিক্ষার্থীরা হামলাকারী ছাত্রদের শনাক্ত করবে বলে আমরা আশাবাদী।’ তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখানোর কারণে ছাত্রদের মানসিকতার পরিবর্তন ঘটবে। মিছিল-সমাবেশে যাওয়ার ব্যাপারে তারা চিন্তা করবে।’