পুলিশের কাছেই পুলিশি হামলার বিচার দাবি করেছেন বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের কর্মকর্তার স্বজনেরা। এ কারণে তাঁরা নিজেরা উদ্যোগী হয়ে পুলিশের বিরুদ্ধে কোনো মামলাও করেননি। তবে ঘটনার এক মাস পরও জড়িত ব্যক্তিদের কোনো শাস্তি না হওয়ায় তাঁরা হতাশ হয়েছেন।
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর এলাকায় বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী ও ১৫ জানুয়ারি সকালে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিদর্শক (পরিষ্কার ও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র দাস পুলিশের মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদার এবং যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করা হয়। মাসুদ শিকদারের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করেছে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে।
মারধরের ঘটনায় গোলাম রাব্বী ও বিকাশ চন্দ্রের পক্ষ থেকে আলাদা মামলা করার কথা থাকলেও শেষ পর্যন্ত কেউ আর মামলা করেননি।
মামলা না করার কারণ সম্পর্কে জানতে চাইলে গোলাম রাব্বী বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের উচিত আমাকে মারধরের ঘটনার বিচার করা। আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমি আর ভোগান্তি চাই না, স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
সিটি করপোরেশনের পরিদর্শক (পরিষ্কার ও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র দাস শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিকাশের বড় ভাই দীপক কুমার বলেন, ‘ওর শারীরিক অবস্থা ভালো না। এখনো একা হাঁটতে পারে না, টয়লেটে যেতেও অন্যের সাহায্য নিতে হয়। কথা বললে মাথায় চাপ পড়ে, তাই কথাও খুব কম বলে।’
জড়িত পুলিশের শাস্তির দাবিতে কোনো মামলা করা হয়েছিল কি না, জানতে চাইলে দীপক কুমার বলেন, ‘সরকারি দায়িত্ব পালনকালে তাঁর ওপর হামলা হয়েছে। তাই আমরা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনকে জানিয়েছি, মামলা করতে হলে তারাই করবে।’
ঘটনা দুটির তদন্তে বিভাগীয় পুলিশ, ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যেই পুলিশের তেজগাঁও বিভাগ ও ওয়ারী বিভাগের তদন্ত প্রতিবেদন ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। রাব্বীর ঘটনা তদন্তে তেজগাঁও বিভাগের তদন্তে নেতৃত্ব দেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে তেজগাঁও বিভাগের উপকমিশনারের মাধ্যমে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।