জড়িতদের শাস্তি পেতে হবে দলীয় হলেও রেহাই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। একই সঙ্গে তিনি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষুব্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড না চালানোর অনুরোধ জানান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সাভারের এই মর্মান্তিক ঘটনার ওপর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ নেতা বলেন, ‘একটা পিলার ভেঙে গেছে জেনেও কারখানার মালিক শ্রমিকদের জোর করে ভবনে ঢুকিয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও কে বা কারা শ্রমিকদের ঢুকিয়েছে, তা আমরা বের করেছি। যেখান থেকে হোক তাকে খুঁজে বের করব। তাকে আমরা শাস্তি দেবই। মানুষের জীবন নিয়ে খেলা মেনে নেওয়া যায় না। যে মালিকেরা শ্রমিকদের কাজে বাধ্য করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’রানা প্লাজার মালিক সোহেল রানা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নেই।’ তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সে যে দলেরই হোক, আমাদের দলের হলেও ছাড়ব না। দলের দোহাই দিয়ে কেউ পার পাবে না। এটা আমার কাছে স্পষ্ট। এই ভরসা যেন জনগণ আমাদের ওপর রাখে।’ঘটনাস্থলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের না যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা সেখানে গেছেন। উনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ উদ্ধারকাজ বন্ধ ছিল। ভিআইপি মুভমেন্ট হলে প্রশাসন ব্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষ জড়ো হয়। এতে উদ্ধারকাজ ব্যাহত হয়।’ ‘উদ্ধারে সহযোগিতা করুন’: এদিকে গতকাল গণভবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী সাভারে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজের সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘টক শোতে বড় বড় কথা না বলে উদ্ধারকাজে সহযোগিতা করুন। অন্তত একটি মানুষকেও উদ্ধার করে প্রমাণ করুন, আপনারাও উদ্ধারকাজে ছিলেন।’বাদ জুমা দোয়ার অনুরোধ: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে মর্মান্তিক ভবনধসের ঘটনায় হতাহতদের জন্য আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।