ভোলা শহরের কলেজছাত্র হাসনাঈন কবির পান্থ হত্যার আসামিদের জামিন বাতিল ও দ্রুত বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছে নিহত ব্যক্তির বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। গতকাল রোববার সকাল ১০টায় ভোলা জেলা ও দায়রা জজ আদালতের সামনে ‘হাসনাঈন পান্থ মেমোরিয়াল’ ক্লাব এ মানববন্ধন ও মৌন মিছিলের আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেওয়া হাসনাঈনের বন্ধুরা জানান, ২০১৩ সালে ৪ মে ভোলা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র হাসনাঈনকে তাঁর এলাকার বন্ধুরা একটি দামি মুঠোফোনের জন্য অপহরণ করেন। দুদিন পর ভোলাখাল থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ ওই তিনজন—সুমন দাস, শংকর কর্মকার ও রাজীব কর্মকারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সম্প্রতি শংকর ও রাজীবকে জামিন দেন। ওই দুজন মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে চাপ সৃষ্টি করছেন। এ অবস্থায় আসামিদের জামিন বাতিল করে দ্রুত বিচারের দাবিতে হাসনাঈন পান্থ মেমোরিয়াল ক্লাব মানববন্ধন ও পরে মৌন মিছিল করে ভোলা শহর প্রদক্ষিণ করে।
হাসনাঈন কবির ভোলা শহরের মোল্লাপট্টির বাসিন্দা ও ভোলা পৌরসভার সাবেক কমিশনার হুমায়ুন কবিরের ছেলে।