জড়িতদের শাস্তির দাবি
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী মরিয়ম মুর্মু হত্যা ও তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন করে।গতকাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মরিয়মের ভাশুর বিশ্বনাথ মারান্ডির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ও আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন হয়।মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার। এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল মারান্ডি, গণেশ মার্ডি, আবদুস সামাদ, কল্পনা রায়, মরিয়মের বড় ছেলে উইলসন মারান্ডি প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম মুর্মুকে যারা ধর্ষণের পর হত্যা ও বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।মরিয়মকে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি তাঁর ভাশুর বিশ্বনাথ মারান্ডিকে গত সোমবার গ্রেপ্তার করে রাজশাহীর অতিরিক্ত বিচারিক হাকিম রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গতকাল শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, এখনো এ হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে জোর তৎপরতা চালানো হচ্ছে।