
বান্দরবানে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল।
বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক অংগ্রী থোয়াই মারমা। সহ-অর্থ সম্পাদক মং এ প্রু মারমার সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি চিং প্রু মারমা, সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মংসাই মারমা, চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক চিংহলামং মারমা।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধীদের বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে চলছে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। যে কারণে মেয়েরা এখন ঘরের ভেতরেও নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা বান্দরবানে ছাত্রী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বান্দরবান শহরে রাজপুণ্যাহ মেলায় ঘুরতে এসে গত শুক্রবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শনিবার রাতে সদর থানায় মামলা হয়েছে।