ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্কুলপড়ুয়া দুই কিশোরীকে ধর্ষণের মামলায় পলাতক এক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। এতে গ্রেপ্তার হওয়া চার আসামির শাস্তিরও দাবি করা হয়।
গতকাল মঙ্গলবার সকেল চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ চত্বরে ওই মানববন্ধন করেন। এতে অধ্যক্ষ শিলা রানী মণ্ডলসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
গত ১৪ এপ্রিল চর শালেপুর এলাকায় চর শালেপুর গ্রামের উজ্জল খান (২৫), শুকুর আলী সিকদার (২৬), সিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) ও শফি মোল্লা (২৫)—এই পাঁচজন স্কুলছাত্রী দুই কিশোরী মামাতো-ফুপাতো বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন এবং তা মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ১১ জুন এক ছাত্রীর বাবা চরভদ্রাসন থানায় মামলা করেন।
থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, এজাহারভুক্ত চারজন আদালতে আত্মসমর্পণ করেন। পলাতক আসামি শুকুর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।